ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ১৬ সেপ্টেম্বর বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) ইসি করকর্তারা বিষয়টি জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এরইমধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা আগামী ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) অনুষ্ঠিত হবে।
চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।