Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি-র সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরের সফলতার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়টি তুলে ধরেন।

বিজ্ঞাপন

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে; এর মধ্যে রয়েছে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত ১,০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতের সহযোগিতা এবং নারীর ক্ষমতায়ন।

রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পারস্পরিক সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান। প্রতিমন্ত্রী সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর