Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমার জন্য বিশেষ বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৭

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশের পূজামণ্ডপগুলোর জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ বরাদ্দ এবার বাড়ানো হয়েছে। গতবছর এ খাতে চার কোটি টাকা বরাদ্দ থাকলেও এবার প্রধানমন্ত্রী আরও এক কোটি টাকা বাড়িয়েছেন। সেই সঙ্গে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের জন্যও বিশেষ বরাদ্দ এক কোটি টাকা বাড়ানো হয়েছে। ফলে এবার তারা তিনি কোটি টাকা বিশেষ বরাদ্দ হিসেবে পাবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার বিষয়টি জানিয়েছেন।

তিনি আরও জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের জন্য নির্বাহী আদেশে একদিনের ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ফলে টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, মহানবমী উপলক্ষ্যে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষ্যে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি থাকবে। এর পর ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৭ অক্টোবর থেকে।

এদিকে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উপলক্ষ্যে ধর্মীয় কল্যাণ তহবিল থেকে অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। গতবছর এ খাতে দুই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার প্রধানমন্ত্রী আরও এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদানের ব্যবস্থা করেছেন।

বিজয় কান্তি সরকার জানান, বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর