ঢাকা: অবৈধ অভিবাসন বন্ধ করা গেলে গ্রিস-সহ ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে দক্ষ বাংলাদেশি শ্রমিক পাঠানোর পথ আরও সুগম হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
গ্রিসের সঙ্গে পাঁচ বছরে প্রতিবছর চার হাজার করে বাংলাদেশি শ্রমিক নেওয়ার চুক্তি এবং ভিসা জটিলতার কারণে গত দুই বছরে নির্ধারিত সংখ্যায় শ্রমিক পাঠাতে না পারার বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অবৈধ অভিবাসন বন্ধে সরকার তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করেছে। অবৈধভাবে ইউরোপে লোক পাঠানোর সঙ্গে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অভিবাসন নিয়ে বৈঠকের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, ‘অবৈধ অভিবাসন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন কঠিন। এ সমস্যা মোকাবিলায় সরকার বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘আমরা যখন অবৈধ অভিবাসন বন্ধ করতে পারব এবং দক্ষ শ্রমিকদের আরও বেশি সরকারি-সরকারি (জি-টু-জি) ব্যবস্থায় পাঠাতে পারব, তখন গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিকদের কাজ করার পথ আরও সুগম হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ জেলা পর্যায় থেকে শুরু হয়েছে। অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ‘
এ লক্ষ্যে সরকার ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যৌথভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘অবৈধ অভিবাসন কমানো গেলে বৈধ অভিবাসনের সুযোগ বাড়বে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন খাতে আরও দক্ষ বাংলাদেশি শ্রমিক পাঠানো সম্ভব হবে।’