Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় সফরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১১:১০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ১১:১১

ঢাকা: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং (Liu Haixing) তিন দিনের সফরে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি রাজনৈতিক সংলাপ, বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ হাইশিং। বিমানবন্দরে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।

এরপর সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত এ সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে লিউ হাইশিংয়ের সঙ্গে থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন (Liu Yuyin), চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন (Peng Xiubin), জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং (Hu Zhaoming), দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর উপমহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনইয়ান (Li Jinyan), একই ব্যুরোর বিভাগীয় পরিচালক ওয়াং সিচি (Wang Siqi) এবং আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও (Liu Chengxiao)।

এছাড়া প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন ইংরেজি দোভাষী শি মেইচি (Shi Meiqi), আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তা চেন ইয়ংপেই (Chen Yongpei), ঝাং গুয়ু (Zhang Guyu), লিউ হংরু (Liu Hongru) ও হে ইয়িইয়াং (He Yiyang)।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং। এ সময় তিনি বঙ্গভবন পরিদর্শন করবেন এবং রাষ্ট্রপতির আয়োজিত স্বাগত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

একই দিন বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘Where History Illuminates the Future: China-Bangladesh Political Parties Plus’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন লিউ হাইশিং। এরপর তিনি ঢাকায় চীনা দূতাবাসের সাবেক চ্যান্সারি ভবনের স্থান এবং বর্তমান চ্যান্সারি পরিদর্শন করবেন।

সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আয়োজিত নৈশভোজে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইশিং।

এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন তিনি।

সফর শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে চীনা প্রতিনিধিদলের প্রধানের

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর