Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে আসতে আগ্রহী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৭:৩২

কলম্বোতে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েককে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র তার হাতে তুলে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আমন্ত্রণে সানন্দে সম্মতি জানিয়ে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ঐতিহ্যের প্রসঙ্গ উঠে আসে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, ‘অতীতের সেই সম্পর্ক ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে আগ্রহী প্রধানমন্ত্রী তারেক রহমান।’

আলোচনায় শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। দেশটির প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন তিনি।

একই সঙ্গে বাংলাদেশের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ও সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশের জ্বালানি চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রার বিষয়টিও উল্লেখ করেন।

এ ছাড়া, সাধারণ মানুষের কল্যাণে বাংলাদেশ সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগের বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন হুমায়ুন কবির।

সৌজন্য সাক্ষাতের জন্য অনুরা কুমারা দিসানায়েককে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর