Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দুর্ঘটনায় আহত বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম।

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার শিকার হয়েছেন। বাম পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রামে আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর না হলেও অন্তত ৩ থেকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। দ্রুত আরোগ্য কামনায় তিনি দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সবার কাছে দোয়া চেয়েছেন।

ঘটনার বর্ণনায় ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় শেষে বিকেলে রাজধানীর শান্তিনগরে চেম্বারে (পপুলার কনসালটেশন সেন্টার) যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। রোড ডিভাইডার পার হওয়ার সময় এক যুবকের পায়ের ওপর তার বাম পা চাপ পড়ে যায়। এ সময় যুবক পা টান দিলে তিনি হঠাৎ ব্যথা পান।

বিজ্ঞাপন

পরে এমআরআই ও এক্স-রে করালে লিগামেন্ট ফাইবারে সমস্যার বিষয়টি ধরা পড়ে। এ অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের নেতৃত্ব দেন অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ। এ ছাড়া সদস্য ছিলেন ডা. আশরাফ, ডা. শেখ ফরহাদ, বিএমইউ’র অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান ডা. মো. আনোয়ার উল্লাহ ও ডা. সেতু প্রমুখ। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে তারা অন্তত ৩ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বিভাগের (ইউরোলজি) অধীনে বেশ কয়েকজন রোগী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। তাদের মধ্যে অনেকের অপারেশন হওয়ার কথা। কিন্তু আমার এ দুর্ঘটনার কারণে রোগীদের দুর্ভোগে পড়তে হবে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।