Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াত আমিরের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২০:৫৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তির এক গুরুত্বপূর্ণ প্রতীক ‘

তিনি আরও বলেন, ‘গত এক সপ্তাহের মধ্যে দেশের দুই স্থানে—রাজধানীর মিরপুরে এবং চট্টগ্রামের ইপিজেড এলাকায়—ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা সকলে উদ্বিগ্ন।’

বিজ্ঞাপন

জামায়াতের আমির বলেন, ‘বিমানবন্দরের মতো এমন একটি কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা, অবহেলা ও নিরাপত্তা ঘাটতির এক স্পষ্ট প্রমাণ। এই ঘটনায় যদি কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে, তবে তার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সময়ের দাবি।‘

ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সেই জন্য বিমানবন্দরসহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আতঙ্কগ্রস্ত যাত্রী ও সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা এবং আমদানিকারকসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

ফায়ার ফাইটারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর সদস্য যারা আগুন নিভানোর কাজে নিয়োজিত আছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতাও জানান।