Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘ব্যভিচার বন্ধ করলেই শরীয়তের আইন হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ২০:০০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দুর্নীতি ও বৈষম্য থাকবে না, মানুষ তার স্বাধিকার ফিরে পাবে। ব্যভিচার বন্ধ করলেই শরীয়তের আইন হবে, ঘুষ বন্ধ করলেই শরীয়তের আইন হবে। শরীয়তের এই আইন এ দেশের সকল ধর্মের মানুষের কল্যাণ বয়ে আনবে।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আওয়ামী ফ্যাসিস্টদের ‘লগি-বৈঠার তাণ্ডবের’ বিচারের দাবিতে ও শহীদদের স্মরণে কুষ্টিয়ায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেন, ‘এবার যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে যারা আসবে তারা আবার ২৮ অক্টোবর তৈরি করতে পারে। ২৮ অক্টোবর যেন বাংলাদেশে আর কেউ ফিরিয়ে আনতে না পারে। সেই ব্যাপারে দল মত নির্বিশেষে সর্বাত্মক চেষ্টা আমাদের করতে হবে। হাসিনাসহ যারা এ হত্যার সঙ্গে জড়িত তারা সবাই জাহান্নামি।’

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়াদ্দারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শহর জামায়াত আমির এনামুল হকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/জিজি