Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা-৫ আসনে হাজী ইবরাহীমকে বিজয়ী করুন: গাজী আতাউর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৬:৪৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী ইবরাহীমকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায়। অতীতের ব্যর্থ ক্ষমতাসীনদের নেতৃত্বকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী শাহজাহান কনভেনশন সেন্টারে ঢাকা-৫ (ডেমরা- যাত্রাবাড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গাজী আতাউর বলেন, ‘ঢাকা-৫ আসনে হাজী মো. ইবরাহীম জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তিনি একজন যোগ্য প্রার্থী। তিনি দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। সততা, জবাবদিহিতা ও নীতি আদর্শের সঙ্গে তিনি কখনোই আপস করেননি। তাই এই আসনে হাতপাখার প্রার্থী বিজয়ী হলে জনগণ শান্তি ও স্বস্তি পাবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে সমন্বয়ক হাফেজ সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান নাহিয়ান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এমদাদুল ফেরদৌস, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র-যুববিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন, সদস্য হাফেজ সালাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সভাপতি মাইনুল ইসলাম, এমদাদুল হক, জাহাঙ্গীর খান, আল-আমিন মুনশিসহ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।