Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অবশেষে অনশন ভেঙে আজ আপিলের সিদ্ধান্ত তারেক রহমানের

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ০৮:২০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ‎নিজের দল নিবন্ধনের দাবিতে দীর্ঘ ১৩৪ ঘণ্টা অনশনের পর অবশেষে মুখে খাবার তুলেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

‎রোববার (৯ নভেম্বর) রাতে নির্বাচন ভবনের মূল ফটকের তারেকের অনশন ভাঙান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পরবর্তীতে অ্যাম্বুল্যান্সে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়।

‎এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহিদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেক নির্যাতনের শিকার।

‎তিনি বলেন, ‘আমরা আজকে অনুরোধ করেছি যে তার বিষয়টা আবার আপিল করতে। সে তার দলের নিবন্ধনের জন্য আপিল আবেদন নির্বাচন কমিশনকে সহানুভূতির সঙ্গে দেখার অনুরোধ। যেন আইনানুগভাবে সহানুভূতির সঙ্গে দেখা হয়। তারা তাদের নেতাদের সঙ্গে কথা বলেছেন।’
‎‎
‎তিনি আরও বলেন, ‘সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে যাতে ভূমিকা রাখতে পারে সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি।’

‎সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘সোমবার তারা আপিল করবেন। আশা করি তারা ন্যায় বিচার পাবেন।’

‎উল্লেখ্য, আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে টানা ১৩৪ ঘণ্টা ধরে অনশন করছিলেন মো. তারেক রহমান। গত ৪ নভেম্বর ইসি দু’টি দলকে নিবন্ধন দেওয়ার ঘোষণা দিলে ওইদিন বিকেল ৪টার দিকে তারেক ইসির মূল ফটকে অনশনে বসে যান।

‎অনশনকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করে অনশন ভাঙার প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের কথায় অনশন ভাঙেন তিনি।

বিজ্ঞাপন