Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শেরপুরে হত্যার দায় বিএনপির সঙ্গে সরকারকেও নিতে হবে: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১০:০৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার দায় বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১টা ৬ মিনিটে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ পোস্টে লেখেন, ‘জুলাই–আগস্টে দুই হাজার মানুষ শহিদ হওয়ার পর এবং একটি ভয়ংকর স্বৈরতন্ত্রের পতনের পর আবার রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে- এমন পরিস্থিতি কল্পনাও করা যায় না।’

তিনি লেখেন, ‘বিএনপির পাশাপাশি সরকার এবং প্রশাসনও এই ঘটনার দায় এড়াতে পারে না।’

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও বলেন, ‘বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর সরকার ও প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সব ক্ষেত্রে সুবিধা দিতে যেভাবে উঠেপড়ে লেগেছে, শেরপুরের ঘটনা তারই ফল।’

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ‘গত দেড় বছরে বিএনপি নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে বহু মানুষকে হত্যা করেছে। এ বিষয়ে তারা বারবার সতর্ক করলেও বিএনপি তা আমলে নেয়নি।’

তার ভাষ্য, ‘বিএনপি যদি এসব সতর্কবার্তা কানে নিত, তাহলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হতো না।’

পোস্টে তারেক রহমানের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘তারেক রহমান দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ নিয়ে কথা বলছেন এবং বলছেন— ‘আই হ্যাভ আ প্ল্যান’। তবে নিজের নেতাকর্মীদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য তারেক রহমানের পরিকল্পনা কী, তা তারা জানেন না।’

তিনি প্রশ্ন তুলেন, ‘বিএনপি নেতাকর্মীদের হাত থেকে যদি সাধারণ মানুষ নিরাপদ না থাকে, তাহলে ফ্যামিলি কার্ড দিয়ে তারা কী করবে?’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর