Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপিকে জনগণ ভোট দেবে না: জাগপা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫

ঢাকা: ‎বিএনপি ক্ষমতায় আসলে প্রবাসীরা এবার রেমিট্যান্স বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা নির্বাচন পরিচালনা লিয়াজোঁ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম বলেছেন, বিএনপি দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলো, তাই অতীতের দুর্নীতির কারণে দেশের জনগণ ও প্রবাসীরা এবং যুবক ভোটাররা তাদের ভোট দেবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার, ছাত্রদলের ছুরিকাঘাতে গাজীপুরে নারী ব্যবসায়ী হত্যা এবং সারাদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সফিকুল ইসলাম বলেন, দেশবাসী মনে করে বিএনপির বর্তমান সন্ত্রাসী কর্মকাণ্ড ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন ফ্যাসিবাদ কায়েম করবে। অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জনগণের আহ্বান সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনি ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচনি পরিবেশ নষ্ট হবে এবং ভোটাররা ভীত হয়ে পড়বে।

‎তিনি জাতীয় জাগপার পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, অগনিত লাশ আর বহু রক্তের বিনিময়ে ‘২৪-এর জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন করে শোষণ, বঞ্চনা, ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছে। যে বিপ্লবের মূল লক্ষ্য ছিলো জনগণের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আমরা সেই জুলাই চেতনাকে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দিতে চাই। দেশের জনগণ চায় গণভোটের মাধ্যমে স্বীকৃতি পাক জুলাই সনদ। যেন ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ক্ষমতার অপব্যবহার না করতে পারে। ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হলে স্থানীয় প্রতিনিধি, সরকার এবং প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে। সে লক্ষ্যে আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

‎এ সময় উপস্থিত ছিলেন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা নির্বাচন পরিচালনা লিয়াজোঁ কমিটির সদস্য সচিব এস এম জিয়াউল আনোয়ার, সদস্য নজরুল ইসলাম বাবলু, মো. সাব্বির আহমেদসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর