Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনি জনসভায় বক্তব্য দিবেন।

এ উপলক্ষ্যে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । এই মঞ্চে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ধানের শীষের ১৫ প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান।

দলীয় প্রধানের প্রথমবারের মতো ফরিদপুরে আগমণে উচ্ছ্বাসিত ও আনন্দিত নেতাকর্মীরা।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, বুধবার বরিশালের সমাবেশ শেষে দুপুর পৌনে ২টায় হেলিকপ্টার যোগে শহরের নদী গবেষণা ইনস্টিটিউট মাঠে অবতরণ করবেন তারেক রহমান। এরপর সেখান থেকে গাড়ি যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন।

বিজ্ঞাপন

এ সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরিয়তপুরের নেতাকর্মীরা যোগ দেবেন। এতে দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ লক্ষ্যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবেন। এ ছাড়া নিজস্ব দুই শতাধিক স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

মঙ্গলবার বিকেলে সমাবেশস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ মাঠের একাডেমিক ভবনের সামনের অংশে জোরেশোরে মঞ্চ তৈরির কাজ চলছে। এ ছাড়া মাঠজুড়ে সাউন্ড সিস্টেম মাইক ও সাউন্ড বক্স বসানোর কাজ চলছে। এ সময় সেখানে ফরিদপুর বিভাগীয় বিএনপির নেতাকর্মীসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা মাঠে অবস্থান করছেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, তারেক রহমানের আগমণ উপলক্ষ্যে ফরিদপুরে সাজ সাজ রব বইতে শুরু করেছে। নেতাকর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস-উদ্দীপণা দেখা যাচ্ছে। এখানে সর্ববৃহৎ সমাগম হবে।

‘এই সমাবেশকে সফল করার জন্য ফরিদপুর জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রাতের মধ্যে আধুনিকায়নভাবে মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। এই জনসভা ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন। এ ছাড়া সিএসএফ বাহিনী নিজস্ব নিরাপত্তা বলয়ে থাকবে সমাবেশস্থল।‘

এদিকে তারেক রহমানের আগমণ ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন নেতাকর্মীরা। ফরিদপুর বিভাগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন বাস্তবায়ন অন্যতম দাবি তাদের।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরছ আলী ইছা বলেন, বিগত দিনে ফরিদপুরে উন্নয়নের কথা বলে ফাঁকা বুলি ছড়ানো হয়েছে। তাই তারেক রহমানের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। তার কাছে আমাদের ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবি রয়েছে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য শিল্পাঞ্চল করার প্রত্যাশা রয়েছে। এসব বিষয়গুলো আমরা জনসভায় উপস্থাপন করব।

অপরদিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সকাল ১১টা থেকে ধাপে ধাপে মাঠ পরিদর্শন করছেন আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি নির্বাচনকে কেন্দ্র করে এ জনসভায় বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ অংশ নিবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পাশপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে। আশা করি, শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করতে পারবেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর