Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতার মোহে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে: আমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৭

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

ঢাকা: ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতার মোহে বিভোর হয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি দাবি করেন, প্রতিপক্ষ দল ধর্মীয় অপব্যাখ্যা ও অর্থের প্রলোভন দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি প্রচারণার ১৩তম দিনে রাজধানীর রূপনগর টিনশেড এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন আমিনুল হক। এদিন সকাল থেকেই তিনি এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় স্থানীয় সাধারণ মানুষ তাকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন।

বিজ্ঞাপন

গণসংযোগকালে বক্তব্যের শুরুতেই প্রতিপক্ষের কর্মকাণ্ডের সমালোচনা করে আমিনুল হক বলেন, একটি দল ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকিট’ দেওয়ার নামে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। একই সঙ্গে এনআইডি নম্বর সংগ্রহ করে ভোট জালিয়াতির অপচেষ্টাও চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, এসব অভিযোগের পক্ষে ভিডিও ক্লিপসহ পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যা ইতোমধ্যে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়া হয়েছে এবং শিগগিরই নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে।

তিনি বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান এবং আল্লাহ ও রাসুলে বিশ্বাস করি। কিন্তু জান্নাতের টিকিট দেওয়ার মতো মিথ্যা বয়ান ছড়িয়ে মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। জান্নাতের মালিক একমাত্র আল্লাহ – এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিপক্ষ দলের এক নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আমিনুল হক বলেন, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যেখানে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার কথা বলা হচ্ছে, সেখানে এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নারীদের অধিকার প্রতিষ্ঠার এখনই সময় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টাকে ‘পাগলামি’ হিসেবে আখ্যা দেন তিনি।

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে ধানের শীষের এই প্রার্থী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আমিনুল হক জানান, তিনি ও তার নেতাকর্মীরা শতভাগ নির্বাচনি আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছেন এবং অন্য রাজনৈতিক দলগুলোকেও গণতান্ত্রিক অধিকার চর্চা ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর