Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজদের আশ্রয় দেওয়া হবে না: হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৬

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও অপরাধে জড়িত কাউকে কখনো আশ্রয় দেওয়া হবে না। তিনি সততা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে হক আবাসিক সোসাইটি পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে তিনি মন্তব্য করেন। তিনি ভোটারদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই নির্বাচন বহু সহযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে এসেছে। শহিদ শরীফ ওসমান হাদিসহ অনেক নেতাকর্মী গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। তাদের প্রতি সম্মান জানাতে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া জরুরি। ভোটার উপস্থিতির ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।

এলাকার সমস্যা তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, ঢাকা-৯ আসনে গ্যাস ও পানির সংকট দীর্ঘদিনের। জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই এবং একমাত্র হাসপাতালটির আধুনিকীকরণ জরুরি। জনগণকে শক্তিশালী করলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় হাবিবুর রশিদ হাবিব বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, বিএনপি কখনো মানুষের ক্ষতি করে কিংবা অন্যায়ভাবে দলের স্বার্থে কাজ করে না।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে বিজয়ী হয়ে এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, নিরাপদ ও উন্নয়নমুখী ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার টাঙ্গাইল আসছেন জামায়াত আমির
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩

আরো

সম্পর্কিত খবর