Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল তারাই গুপ্ত: জামায়াত নেত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২

রাজধানীতে মহিলা জামাতের বিক্ষোভ মিছিল।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন বলেছেন, তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী বিদেশে পালিয়ে ছিল না। বরং জেল-জুলুম, নির্যাতন সহ্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে মহিলা জামাতের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-৪ আসনের নির্বাচনি প্রচারের সময় নারী নেত্রীর ওপর বর্বরোচিত হামলাসহ সারাদেশে নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, যারা বলে জামায়াতের নারী কর্মী নাই। তারা জামায়াতের নারী কর্মীদের দেখলে পালিয়ে যাবে। কারণ জামায়াতের নারী সংগঠন এতো বেশি বৃহৎ এবং শক্তিশালী। নারীদের ওপর হামলা চালিয়ে তাদের হিজাব খুলে ফেলার ঘটনা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।

আয়েশা সিদ্দিকা বলেন, বিএনপির কর্মীরা নারীদের সঙ্গে এমন সব অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে যে ভাষা আমরা উচ্চারণ করতে পারি না। দুঃখের বিষয় বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে বুঝা যায় বিএনপি দলগতভাবে নারীদের অধিকার হরণ করার মিশনে নেমেছে।

সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না উল্লেখ করে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার রক্ষায় নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নতুবা নারী সমাজ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসন পরিচালিকা রাবেয়া খানমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. শিরিন আক্তার রুনা, মহানগরীর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমি। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসন সদস্য সচিব নার্গিস খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য কানিজ ফাতেমা, সেলিনা আক্তারসহ বিভিন্ন থানার সেক্রেটারিরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর