ঢাকা: আসন্ন নির্বাচনে অনৈতিকভাবে কেউ জেতার চেষ্টা করলে তা কঠোরভাবে নজরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বড় একটি সুযোগ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের সুফল দেশের মানুষ এখনো পুরোপুরি পায়নি। দীর্ঘ সময় ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে অনেককে। এসব অন্যায়ের বিরুদ্ধেই এ দেশের সন্তানরা জীবন দিয়েছে। বর্তমানে একটি পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং আমাদের সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সংবাদপত্রের মালিকানা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের বেশিরভাগ গণমাধ্যম এখন বড় বড় শিল্পপতি বা ব্যবসায়ীদের হাতে। যেহেতু তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত, তাই গণমাধ্যমের ওপর একধরনের রাজনৈতিক প্রভাব থেকে যায়। এই প্রতিকূলতার মাঝেও সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এই প্রবীণ নেতা বলেন, এবারের নির্বাচনের চ্যালেঞ্জ অনেক বেশি। তাই যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণ করা অত্যন্ত জরুরি।
তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।