Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ঘনিয়ে আসায় জামায়াত অস্থির হয়ে উঠেছে: আবদুস সালাম

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫০

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

ঢাকা: নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামায়াতে ইসলামীর আচরণ তত অস্বাভাবিক ও অস্থির হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বুধবার (৪ ফেব্রুয়ারি)দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জামায়াতের বর্তমান আচরণই প্রমাণ করে তাদের সময় ফুরিয়ে আসছে এবং আসন্ন পরাজয়ের আশঙ্কায় তারা এখন থেকেই অস্থিরতা প্রদর্শন করছে।

জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, এখন ধৈর্য ধরার সময় এবং আগামী ১২ তারিখ পর্যন্ত তাদের শান্ত থাকা উচিত। অন্যথায় নির্বাচনের পর তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি জামায়াতকে ‘পরীক্ষিত বেইমান’ আখ্যা দিয়ে বলেন, এই দলটি পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সবসময়ই জনবিরোধী অবস্থানে ছিল। এমনকি মুক্তিযুদ্ধের সময় তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এবং আজও তারা সেই পুরোনো পাকিস্তানি ভাবধারা থেকে বের হতে পারেনি।

সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, জামায়াত এখনো বাংলাদেশ সেনাবাহিনীকে মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি। সেনাবাহিনী সম্পর্কে অবমাননাকর বক্তব্য ও সমালোচনার জন্য সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রার্থীর চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত হতে তারা বেশি আগ্রহী। তবে তারেক রহমান কোনো নির্দিষ্ট দলের নন, বরং তিনি সারা দেশের মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

আবদুস সালাম বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ও সংবাদমাধ্যম জামায়াতকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে, যা হাস্যকর। জামায়াতের সেই সাংগঠনিক ভিত্তি বা জনপ্রিয়তা নেই।

তিনি উল্লেখ করেন, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের হাল ধরবেন এবং দেশকে রক্ষা করতে তার কোনো বিকল্প নেই।

জামায়াতের কড়া সমালোচনা করে তিনি বলেন, তারা দেশকে আফগানিস্তান বা ফিলিস্তিনের মতো অস্থিতিশীল করতে চায়। তারা নারীর অধিকারের কথা বললেও কোনো নারী প্রার্থী দেয়নি, যা তাদের দ্বিমুখী চরিত্রকে উন্মোচিত করে।

আবদুস সালাম ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের দিন সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিয়ে যে কোনো কারচুপি রুখে দিতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ১২ তারিখ জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হবে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।

এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও তাবিদ আউয়ালসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর