ঢাকা: ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর ও বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি প্রচারের সময় তিনি দাবি করেন, বিএনপি একটি ‘মাল্টি লেভেল মার্কেটিং’ বা এমএলএম পদ্ধতিতে চাঁদাবাজি পরিচালনা করছে। আর এই চাঁদাবাজির ভাগ ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে দলের শীর্ষ নেতা তারেক রহমান পর্যন্ত পৌঁছায়।
নাসীরুদ্দীন পাটোয়ারী পরিবহন খাতের চাঁদাবাজির প্রসঙ্গ টেনে বলেন যে, ‘সায়দাবাদ বাস টার্মিনালসহ বিভিন্ন সেক্টরে যে বিশাল অংকের চাঁদাবাজি চলছে, সেটির একটি সুনির্দিষ্ট চেইন রয়েছে।’
তার ভাষ্যমতে, এই চাঁদার টাকা ধাপে ধাপে মির্জা আব্বাস হয়ে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যায়। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই ধরনের ‘সন্ত্রাসী ও গ্যাংস্টার ইকোনমি’ জনগণ আর বরদাশত করবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সাফ জানিয়ে দেন যে, অতীতের অনিয়ম ও দুর্নীতির ধারা বজায় রেখে কোনো রাজনৈতিক দল দীর্ঘস্থায়ী হতে পারবে না।
মির্জা আব্বাসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে পাটোয়ারী বলেন যে, “তিনি আব্বাসকে সংশোধনের সুযোগ দিয়েছিলেন এবং জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মির্জা আব্বাস সেই সুযোগ না নিয়ে তার পুরনো ‘বদঅভ্যাসের গোঁয়ারতুমি’ চালিয়ে যাচ্ছেন।”
পাটোয়ারী আক্ষেপ করে বলেন, ‘মহল্লার লোক হিসেবে পরিচিত হওয়া মানেই এই নয় যে, তাকে অনিয়ম করার লাইসেন্স দেওয়া হয়েছে। মহল্লায় আরও অনেক যোগ্য ও সৎ তরুণ নেতৃত্ব রয়েছে।’ আগামীতে ধানের শীষ প্রতীক এই ধরনের সন্ত্রাসীদের পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দেওয়ার জন্য তিনি বিএনপির হাইকমান্ডের প্রতি আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন যে, ‘তারেক রহমান সারা দেশে অনেক গডফাদার ও সন্ত্রাসীকে পকেটে নিয়ে ঘুরছেন এবং তাদের মনোনয়ন দিয়ে জনগণের সামনে পরিচিত করছেন।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাকে যদি নির্বাচনি কাজে বাধা দেওয়া হয় বা কোনোভাবে হয়রানি করা হয়, তবে তিনি সারা বাংলাদেশে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া সকল বিতর্কিত ও সন্ত্রাসী প্রার্থীর গোপন আমলনামা বা অপকর্মের খতিয়ান জনসমক্ষে প্রকাশ করে দেবেন। তার কাছে এ সংক্রান্ত যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন পাটোয়ারী।