ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ এবং উপ-রাষ্ট্রপতি পদ প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ইশতেহারে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অংশে বিএনপি জানায়, সংসদে উচ্চকক্ষ প্রবর্তন করা হবে এবং বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি উচ্চকক্ষে ২০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, আন্তর্জাতিক চুক্তিতে স্বচ্ছতা আনা এবং একটি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে।