ঢাকা: ক্ষমতায় গেলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারিভাবে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচনি ইশতেহারে এ ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিএনপির ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে ইশতেহার পাঠ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ইশতেহারে বলা হয়, শিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থানমুখী করতে মাধ্যমিক স্তর থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান ও মান্দারিনসহ বিভিন্ন তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
এ ছাড়া সামাজিক মর্যাদার স্বীকৃতি হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে জাতীয় দিবসগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষকদের আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে ইশতেহারে।