ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। দলটি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি জানিয়েছে, দেশের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না এবং কোনো সন্ত্রাসীকে আশ্রয় বা সহায়তা দেওয়া হবে না। দেশের নিরাপত্তা, সীমান্ত রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া, চোরাচালান, মানবপাচার ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইশতেহারে বলা হয়েছে, পদ্মা, তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদী থেকে ন্যায্য পানির হিস্যা আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এবং আঞ্চলিক সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করতে বিএনপি কাজ করবে।
তারেক রহমান বলেন, ‘জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়ে তুলে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’