Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের জন্য জাতীয় অবসর কল্যাণ বোর্ড গঠনের প্রতিশ্রুতি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৫

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনি ইশতেহারে সাংবাদিকদের জন্য বিশেষ ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে গণমাধ্যম খাতে কাঠামোগত সংস্কার আনার কথা তুলে ধরে সাংবাদিকদের বার্ধক্যকালীন নিরাপত্তা ও পেশাগত সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইশতেহারে বলা হয়, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠন করা হবে। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিএনপি আরও জানায়, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পুনঃনিরীক্ষণ করা হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘বিশেষ সেল’ গঠন করা হবে। সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্বের অবসান ঘটিয়ে ন্যায্য ও সুষম বণ্টন নীতি অনুসরণ করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়।

মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এ কাঠামোর মাধ্যমে গুজব, ভুয়া সংবাদ ও ঘৃণ্য বক্তব্য প্রতিরোধ করা হবে। গণমাধ্যমের বিরুদ্ধে নাগরিকদের কোনো অভিযোগ থাকলে তা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির আইনি বাধ্যবাধকতা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইশতেহারে আরও বলা হয়, গণমাধ্যমকর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর যেকোনো হামলা বা আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করতে সমালোচনামূলক সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে পালনের সংকল্প ব্যক্ত করেছে বিএনপি।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর