ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহাদী আমিন বলেন, দীর্ঘদিনের দমন-পীড়ন, গণঅভ্যুত্থান ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং জাতীয় সংহতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমান ঘোষিত ২৭ ও ৩১ দফার ধারাবাহিকতার ভিত্তিতে, পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে এই ইশতেহার তৈরি করা হয়েছে।
জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ থাকবে বলেও জানান তিনি।
ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে মাহাদী আমিন জানান, নারীর ক্ষমতায়নে পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড ও কৃষি বীমা চালুর পরিকল্পনা রয়েছে। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা খাতে মিড-ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস, তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসার এবং মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বহুমুখী দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং পর্যায়ক্রমে স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মাহাদী আমিন।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষা, ক্রীড়া উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ডিজিটাল অর্থনীতি এবং প্রবাসী ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণে সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে সকল ধর্মাবলম্বীর অধিকার সুরক্ষার অঙ্গীকার রয়েছে ইশতেহারে।
মাহাদী আমিন আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে গণতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সামনে রেখে আগামীর বিএনপি সরকার কাজ করবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স সম্প্রতি তারেক রহমানের নেওয়া এক সাক্ষাৎকারের ওপর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাকে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া দ্য ইকোনমিস্ট ও দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত সাক্ষাৎকারগুলো নিয়েও আন্তর্জাতিক পরিসরে আলোচনা চলছে বলে দাবি করেন তিনি।