Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীর বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ: পুতুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২

বাগাতিপাড়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুল। ছবি: সংগৃহীত

নাটোর: জেলার বাগাতিপাড়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ—তারেক রহমানের বাংলাদেশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ভিন্ন রাজনৈতিক বাস্তবতা ছিল। ২০২৬ সালের পর বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘এই পরিবর্তিত বাংলাদেশের প্রতীক হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সারাদেশের পরিবর্তনের অংশ হিসেবে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘লালপুর–বাগাতিপাড়ার উন্নয়নে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীদের জন্য আলাদা শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শুধুমাত্র মা-বোনেরা কাজ করার সুযোগ পাবেন।’

জনসভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন খালেক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান।

এ ছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবলু চৌধুরী, মিজানুর রহমান ডিউক, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান ও মোহাম্মদ তারিকুল ইসলাম। জনসভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনি জনসভা সঞ্চালনা করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিকবার হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু। সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর