ঢাকা: ঢাকা-১৭ আসনের ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে আয়োজিত পথসভায় এসে অংশ নেন।
ইসিবি চত্বরের বিজে টাওয়ারের সামনে তৈরি মঞ্চে পৌঁছে হাত উঁচিয়ে উপস্থিত এলাকাবাসীর প্রতি অভিবাদন জানান তারেক রহমান। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুপুর গড়ানোর আগেই ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় উৎসুক মানুষের উপস্থিতি বাড়তে শুরু করে। মাটিকাটা ও মানিকদি এলাকা থেকে দলে দলে মানুষ ইসিবি চত্বরে জড়ো হন বিএনপির চেয়ারম্যানকে এক নজর দেখার জন্য। অনেককে বিএনপির লোগোসংবলিত পতাকা হাতে এবং ধানের শীষের প্রতীক আঁকা গেঞ্জি পরিধান করেও অংশ নিতে দেখা যায়।
জনসমাগম বাড়তে থাকায় পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।
দলীয় সূত্র জানায়, নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে এটাই তারেক রহমানের প্রথম জনসভা। এখানে বক্তব্য শেষে তিনি পর্যায়ক্রমে ঢাকা উত্তরের আরও পাঁচটি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন।

ইসিবি চত্বর এলাকায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা
নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে, ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে, ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, দুই দিনে ঢাকায় মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি ঢাকা মহানগর দক্ষিণ ও নিজ নির্বাচনি এলাকায় আরও আটটি জনসভায় অংশ নেবেন।