Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনামূল্যে নারী শিক্ষা স্নাতকোত্তর পর্যন্ত সম্প্রসারণ হবে: জুবাইদা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

ঢাকা: বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীদের শিক্ষা নিশ্চিত করতে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নারী শিক্ষার সম্প্রসারণ এবং বাল্যবিবাহ রোধে নারীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা হবে। এতে নারীরা আত্মনির্ভরশীল হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

নারীদের আর্থিক ও সামাজিক সহায়তা নিশ্চিতে ‘নারী সাপোর্ট সেল’ গঠনের কথাও জানান তিনি। পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এ সময় পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের কথাও উল্লেখ করেন জুবাইদা রহমান।

মতবিনিময় সভায় গুলশান-বনানীর বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গুলশান, বনানী ও বারিধারার বিদ্যমান সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর