ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি ও জামায়াত ইসলামী বিভিন্ন স্থানে অতিরিক্ত শক্তি প্রয়োগের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেইসঙ্গে এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী জানান, তার দল এবারের নির্বাচনে অংশ না নিলেও টাঙ্গাইলের কালিহাতী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তার বড় ভাই লতিফ সিদ্দিকীকে সমর্থন দিয়েছে। তিনি বলেন, ‘আমরা লতিফ সিদ্দিকীর জন্য নির্বাচনি প্রচারে অংশ নিয়েছি। কিন্তু, রাস্তাঘাটে মানুষের মধ্যে ভোট নিয়ে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। এবারের নির্বাচনে সাধারণ মানুষের উদ্দীপনা একেবারেই অনুপস্থিত।’
নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন বঙ্গবীর। তার অভিযোগ, টাঙ্গাইলের কিছু এলাকায় রাতের আঁধারে মানুষের বাড়িতে ঢুকে দরজা ভেঙে গ্রেফতার চালানো হচ্ছে। তিনি একে অতীতের ‘ডাকাতদের ঘর ভাঙার’ সঙ্গে তুলনা করে উদ্বেগ প্রকাশ করেন।
নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না এমন বাস্তবতা স্বীকার করে কাদের সিদ্দিকী বলেন, ‘গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে অংশগ্রহণমূলক নয়, তবে আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে।’
নির্বাচনে বিএনপি-জামায়াত অতিরিক্ত শক্তি খাটাচ্ছে: কাদের সিদ্দিকী
স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬
সারাবাংলা/এনএল/পিটিএম