Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল। ছবি: সংগৃহীত

নাটোর: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে, সেজন্য ষড়যন্ত্র চলবে নির্বাচনের দিন। আপনারা সতর্কভাবে অবস্থান নেন। ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আমাদের একটি দু’টি চোখ না, লক্ষ লক্ষ চোখ নিয়ে ভোট কেন্দ্রগুলো পাহারা দেব।

রোববার (৮ ফেব্রুয়ারি) নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন বলেন, ‘আমরা যারা ভোট কেন্দ্রের আশেপাশে থাকব, প্রত্যেকে যেন ভোটের দিন ভোট গণনা হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থেকে আমরা আমাদের ফসল তুলে নিয়ে ঘরে আসতে পারি। ১২ তারিখে সেই ব্যবস্থা আপনারা করবেন।’

বিজ্ঞাপন

বিগত দিনের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বহুবছর ধরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে নাগরিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার, আইনকানুনকে লঙ্ঘন করা হয়েছ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, যেন বাংলাদেশের মানুষের উঠে দাঁড়াতে না পারে। বাংলাদেশের মানুষের কথা বলা বন্ধ করা দেওয়া হয়েছিল, যেন আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চার হতে না পারি। লালপুর-বাগতিপাড়ার মাটি থেকে আমরা আবার কথা বলা শুরু করব। আওয়াজ তোলা শুরু করব, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করব।’

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে পুতুল বলেন, ‘লালপুর-বাগতিপাড়ার মাটিতে নারী অধিকার, যুবকদের অধিকার ও আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা যুবক আছেন, তাদের মাদক থেকে বের করে নিয়ে এসে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

এ সময় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম-আহব্বায়ক হামিদুর বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহব্বায়ক নজরুল ইসলাম মোলামসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর