Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে বিএনপি: মাহাদী আমিন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩০

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত হলে জনরায়ের যেকোনো ফলাফলই বিএনপি সানন্দে মেনে নেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত দলের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দলের এই অবস্থান পরিষ্কার করেন।

মাহাদী আমিন বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের ম্যান্ডেটকে সবসময় শ্রদ্ধা করে। তাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে ফলাফলই আসুক না কেন, তা গ্রহণে দলের কোনো দ্বিধা নেই।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে গত এক মাসে নির্বাচন কমিশনে দাখিল করা অভিযোগগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মাহাদী আমিন মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান, কমিশনের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে ইতিবাচক সাড়া এবং সমাধান পাওয়া গেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিতে বিলম্ব লক্ষ্য করা গেছে। আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগের সমাধান এখনো ঝুলে আছে।

তিনি কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো রাজনৈতিক দল যখন কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেশ করে, তখন কমিশনের উচিত দ্রুততার সঙ্গে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট পক্ষকে তা অবহিত করা। এতে নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়।

নির্বাচনি মাঠের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মাহাদী আমিন জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, সারাদেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারে জনগণের যে বিপুল অংশগ্রহণ ও গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে প্রতিপক্ষ দলগুলো দিশেহারা হয়ে পড়েছে।

জনসমর্থনের দিক থেকে বিএনপি বর্তমানে তুঙ্গে অবস্থান করছে দাবি করে তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু ভোট হলে ইনশাআল্লাহ ধানের শীষের নিরঙ্কুশ বিজয় অনিবার্য। এই বাস্তবতা বুঝতে পেরেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এবং এমনকি ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে জাল ভোটের প্রস্তুতি গ্রহণ করছে।

মাহাদী আমিন বিশেষ করে ঢাকা-১৫ আসনে জামায়াতের ভোট কেনার প্রচেষ্টাকে ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ ও ‘দ্বিচারিতা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যারা প্রতিনিয়ত সততা, ইনসাফ আর দুর্নীতির বিরুদ্ধে লম্বা চওড়া বয়ান দেন, তারাই আজ ভোটের মাঠে সাধারণ মানুষ ও তরুণ সমাজকে টাকা দিয়ে প্রলুব্ধ করছেন।

দলটির একজন শীর্ষ আইনজীবী নেতার প্রকাশ্যে টাকা বিলানোর ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি নির্বাচনি আচরণবিধিমালা-২০২৫ এর স্পষ্ট লঙ্ঘন। যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারাই যদি টাকা ছড়িয়ে ভোট কিনতে চায়, তবে এর চেয়ে বড় নৈতিক স্খলন আর কিছু হতে পারে না।

তিনি অবিলম্বে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জামায়াতের এই অর্থ লেনদেনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ত্রিমুখী লড়াই
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৯

আরো

সম্পর্কিত খবর