বাগেরহাট: জেলার চারটি সংসদীয় আসনের ৫৪৭টি আসনের মধ্যে ৪০৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়েছে স্থানীয় প্রশাসন।
বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, জেলায় মোট ৫৪৭টি ভোটকেন্দ্রে ভোট হবে। এর মধ্যে ১৮৬টি ভোটকেন্দ্র উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ ২২৩টি ও সাধারণ ১৩৮টি ভোটকেন্দ্র। সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবারে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে; এর মধ্যে তিনজন থাকবে সশস্ত্র। সশস্ত্র পুলিশ সদস্যও থাকবে। এ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড ও র্যাব কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।