Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ নয়: মাহদী আমিন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনি মুখপাত্র মাহদী আমিন।

ঢাকা: বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনি মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন দাবি করেন, নির্বাচনে অবৈধ অর্থ লেনদেন ঠেকাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত বা বন্ধ থাকার প্রেক্ষাপটে একটি জেলার সর্বোচ্চ রাজনৈতিক নেতা বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করছিলেন – এটি স্বাভাবিক কোনো ঘটনা হতে পারে না। তার ভাষ্য অনুযায়ী, “টানা কয়েকদিন ব্যবসায়িক কার্যক্রম কার্যত স্থবির থাকার পরও নির্বাচনের আগের দিন এ পরিমাণ নগদ অর্থ বহনের যৌক্তিকতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই, কারণ দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের অবৈধ অর্থ বিতরণ, ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ এবং আর্থিক প্রলোভনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি ‘জান্নাতের টিকিট’ দেওয়ার প্রলোভনের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোট প্রভাবিত করার চেষ্টা জনগণ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠী বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং অর্থ বিতরণের অভিযোগ তুলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর পদক্ষেপের দাবি জানান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে এবং তা রোধে নির্বাচন কমিশন ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

বগুড়া-৪ আসনে নন্দীগ্রামে এক হামলার ঘটনার উল্লেখ করে মাহদী আমিন বলেন, সেখানে জামায়াত-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় স্থানীয় বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন এবং তার পরিবারের ওপরও শোক নেমে এসেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।

নারী ভোটারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্মীয় পোশাককে সম্মান জানানো হলেও সেটির অপব্যবহার করে কেউ যেন জাল ভোট দিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোটার শনাক্তকরণে নারী কর্মকর্তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মাহদী আমিন বলেন, এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের বিষয় নয়; এটি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও রাষ্ট্রীয় মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন। দীর্ঘ সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি যে ভূমিকা রেখেছে, তার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশি-বিদেশি গণমাধ্যম ও বিভিন্ন জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, জনমত বিএনপির পক্ষে রয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে বলেন, আগামীকাল সকালেই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বগুড়ায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০

আরো

সম্পর্কিত খবর