Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভুয়া সই ব্যবহার করে পোলিং এজেন্ট নিয়োগের অভিযোগ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: লক্ষ্মীপুর-২ আসনের এক প্রার্থীর অনুপস্থিতিতে ভুয়া সই  ব্যবহার করে পোলিং এজেন্ট নিয়োগের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল খায়ের ভূঁইয়া। অভিযোগে দাবি করা হয়েছে, লন্ডনে অবস্থানরত এক প্রার্থীর সই জাল করে একটি বিশেষ মহল নির্বাচনি কার্যক্রম পরিচালনা করার অপচেষ্টা চালাচ্ছে।

অভিযোগের মূল বক্তব্যে বিএনপির প্রার্থী জানান, লক্ষ্মীপুর-২ আসনের ‘গণঅধিকার পরিষদ’ মনোনীত প্রার্থী আবুল বাশার ভূঁইয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। অথচ তিনি দেশে না থাকা সত্ত্বেও তার সই জাল করে বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগের ফরম জমা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিএনপির প্রার্থীর যুক্তিসমূহ:

১. প্রার্থীর অনুপস্থিতি: নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, আবুল বাশার ভূঁইয়া বর্তমানে দেশের বাইরে। তার অনুপস্থিতিতে কোনো নথিতে তার সই থাকা আইনত অসম্ভব এবং এটি পরিষ্কার জালিয়াতি।

২. প্রার্থীর পূর্ব ঘোষণা: প্রার্থী নিজেই কোনো পোলিং এজেন্ট না দেওয়ার বিষয়ে একটি প্রকাশ্য বিজ্ঞপ্তি দিয়েছিলেন। এরপরও তার নামে এজেন্ট নিয়োগের আবেদন জমা পড়া উদ্দেশ্যমূলক।

৩. তৃতীয় পক্ষের হস্তক্ষেপ: অভিযোগ করা হয়েছে, জামায়াতের স্থানীয় কিছু ব্যক্তি এই জালিয়াতির সাথে জড়িত, যা নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন।

আবুল খায়ের ভূঁইয়া আরো বলেন, ‘প্রার্থীর ইমিগ্রেশন রেকর্ড যাচাই করলেই তার অনুপস্থিতির সত্যতা পাওয়া যাবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে এই ভুয়া এজেন্ট নিয়োগ ফরমগুলো বাতিল করা হোক এবং জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।’

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো