ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান ও দলীয় প্রার্থী তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন আরও ৪জন প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয়ের এসে তারা সরে দাঁড়ানোর ঘোষণা দেন । এর আগে মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহও তারেক রহমানকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন।
সশরীর উপস্থিত হয়ে বিএনএফ প্রার্থী ও ২০১৪–২০১৮ মেয়াদের সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ তারেক রহমানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে ভোট বিভক্তির আশঙ্কা এড়াতেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদও উপস্থিত হয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ধানের শীষের বিকল্প নেই। তাই আমার সমর্থকদের ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করছি।
ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবদুস সালাম জানান, ঢাকার বাইরে অবস্থান করায় আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলে সমর্থন জানান। তারা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।