ঢাকা: ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র দখল ও কারচুপির চেষ্টার অভিযোগ তুলেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার দাবি, জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনের আগের রাতেই বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে প্রতিপক্ষের নেতাকর্মীরা। তারা কোথায় গিয়ে কী করছে, তা বোঝা কঠিন। তবে জনগণ ও আমাদের নেতাকর্মীরা কয়েকটি জায়গায় তাদের প্রতিহত করেছে। অনেক স্থানে তারা পালিয়ে গেছে।’
তিনি অভিযোগ করেন, ‘ফকিরাপুল ও আরামবাগ এলাকার বিভিন্ন মেস ও হোস্টেলে জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে। তার আশঙ্কা, তারা ভোটের দিন কেন্দ্রে গিয়ে সহিংসতা সৃষ্টি করতে পারে।’ রাত ১১টার পর কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে পরিস্থিতি ‘ভয়াবহ’ হতে পারে বলেও সতর্ক করেন বিএনপির এ নেতা।
নিজ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র পূর্বপরিকল্পনা ছিল বলেও দাবি করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমার আসন নিয়ে অনেক আগে থেকেই ষড়যন্ত্র চলছে। কারচুপির আশঙ্কার কথা আগেই জানিয়েছি। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।’