Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী: জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হোক। ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, সেই ফলাফল আমরাও মানব, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না; বরং ১৮ কোটি মানুষের জনগণের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ঢাকা-১৫ আসন নির্বাচনি এলাকার ৬০ ফিটে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই। আমিও পারি নাই। ২০১৪, ১৮, ও ২৪ সাল- এই তিনটি নির্বাচনেই আমি জেলে ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তায়ালা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করে দিন- এই দোয়া করি।

যুবসমাজের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুবসমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাসমুক্ত হোক, দখলমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না; বরং ১৮ কোটি মানুষের জনগণের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো কেবল এই কেন্দ্রে এসে ভোটটা দিলাম। এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারাদেশের খবর নেব। ছোটখাটো বিষয় হলে আমরা ইগনোর করব। কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের ভোটের সাফল্য কামনা করে আমি সবাইকে বলছি, নারী-পুরুষ সবাই যেন শান্তিপূর্ণভাবে, নিরাপদে ও নিঃশঙ্কচিত্তে ভোট দিতে পারে। সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হন।

এর আগে, সকাল সাড়ে ১১টায় দলীয় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, ঢাকা ১৫ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন এবং নারী ভোটার হলো ১ লাখ ৬৫ হাজার ৩৩৮ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর