Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে এনসিপির বিরুদ্ধে হামলার ভয় দেখানোর অভিযোগ বিএনপির প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২

প্রতিদ্বন্দী দলের বিরুদ্ধে অভিযোগ বিএনপির প্রার্থীর।

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৩ ঘণ্টা পার হতেই রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

বিএনপির এই প্রার্থী বলেন, ‘আখতার হোসেনের লোকজন ভোটারদের ওপর হামলা করছে, মামলার ভয় দেখাচ্ছে এবং মব সৃষ্টির হুমকি দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’

তিনি বলেন, ‘মব সৃষ্টি করে কোনো লাভ নেই। কেউ যদি মব সৃষ্টি করে, জনগণ শক্ত হাতে প্রতিহত করবে। আমার বাবা এই আসনের একজন এমপি ছিলেন। জনপ্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন। মানুষ প্রাণ খুলে আমাকে ভোট দিচ্ছেন। ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে আখতার হোসেনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে তিনি নিজেই দাবি করেছিলেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই। কিন্তু তার মতে, শাপলা কলি বিপুল ভোটে জয়ী হবে।

আসনটিতে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন — জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা মুহাম্মাদ জাহিদ হোসেনসহ অন্যান্য প্রার্থী।

ভোটগ্রহণ চলেছে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্য। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি রাখছে। পাল্টাপাল্টি অভিযোগের কারণে আসনটিতে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো এ অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।