ঢাকা: দেশবাসী ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘অতীতের যে কোনো সময়ের তুলনায় জাতি আশান্বিত যে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব। আমাদের ১১ দলীয় ঐক্য জোটের ২৯৯ জন প্রার্থী ছিল। আশা করছি বিপুল ভোটে আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভ করব।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
জুবায়ের বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে যে সরকার এসেছে তাদের তিনটি অঙ্গীকার ছিল – বিচার, সংস্কার এবং আজকের এই নির্বাচন। আমরা দেখেছি যে নির্বাচনে অংশগ্রহণের জন্য মানুষ আগ্রহী ছিলেন এবং তারা অংশগ্রহণ করেছেন। ভোট দেওয়ার জন্য মানুষ শহর থেকে গ্রামে গিয়েছে। সকাল থেকে বিপুল সংখ্যক মানুষকে ভোটের লাইনে দেখেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল। সবাই চেষ্টা করেছেন। সেই চেষ্টার ফসল হিসেবে বাংলাদেশে একটি অনন্যসাধারণ নির্বাচন হয়েছে। খুব বড় আকারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েকটি আসনে কিছু সমস্যা হয়েছে। বিশেষ করে শরীয়তপুর-২, কুমিল্লা-৮, পটুয়াখালী-১ নম্বর আসনসহ আরও কিছু আসনের অনেকগুলো সেন্টারে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, কোথাও হুমকি দেওয়া হয়েছে, ফিজিক্যালি টর্চার করা হয়েছে। এসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা চেষ্টা করেছেন। সবকিছু মিলে আমরা মনে করি, একটি সচেতন জনগোষ্ঠী সব চক্রান্তকে রুখে দিতে পারে।’
এ ছাড়াও তিনি বলেন, ‘আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। দেশবাসী প্রমাণ করেছে যে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।’