সিলেট: জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিপুল ভোটে জয় লাভ করেছে বিএনপি। কোনো আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ১১ দলীয় জোটের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে একমাত্র সিলেট–৫ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান জয়লাভ করেছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, সিলেট-১ (সদর-নগর) আসনের মোট ১৫০টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২৭ হাজার ৫৫৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ৪১১ ভোট।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। আর দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৪৪৬টি।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবদুল মালিক (এম এ মালিক)। ১৫১টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী এম এ মালেক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু রিকশা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৪০৯ ভোট।
সিলেট-৪ আসনের ১৭২টি কেন্দ্রে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান। দেওয়াল ঘড়ি প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট।
সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে ১ লাখ ৮ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান আহমদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৯৭ হাজার ৭০৮ ভোট।
উল্লেখ্য, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।