ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘ইঞ্জিনিয়ারিং’ প্রসঙ্গে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে নিজেদের পক্ষে আনার রাজনৈতিক প্রক্রিয়াই ছিল আমাদের প্রকৃত ‘ইঞ্জিনিয়ারিং’।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণকে কনভিন্সড করাটাই হলো আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’। ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি।’
তিনি বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষ এবার বিএনপিকে বিজয়ী করেছে। এই বিজয় কোনো একক দলের নয়, বরং দেশের সাধারণ জনগণের বিজয়। ‘আজ থেকে আমরা প্রকৃত অর্থেই স্বাধীন’।
দেশ পরিচালনার কঠিন বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দেন বিএনপিো চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছি, যখন ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে। তবে জনগণের শক্তি সঙ্গে থাকলে কোনো বাধা আমাদের রুখতে পারবে না।’
তারেক রহমান আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। নতুন সরকার হবে জনগণের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ এবং রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করাই হবে তাদের প্রাথমিক লক্ষ্য।
বিজয়-পরবর্তী এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ-অধিকার পরিষদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি।