Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ, অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক কূটনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান বলেন, ক্ষমতা গ্রহণের পর সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং পুঁজির সংকট মোকাবিলা। ব্যাংকিং খাতে তারল্য সংকট দূর করা, ঋণপ্রবাহ নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিগত শাসনামলে দলীয়করণ হওয়া প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব ও সুশাসন ফিরিয়ে আনা হবে সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য। নির্বাচনি ইশতেহার অনুযায়ী বৃদ্ধ, প্রতিবন্ধী ও নারীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে ।

আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যকার দূরত্ব কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখবে।

চীন-বাংলাদেশ সম্পর্ক ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রসঙ্গে তারেক রহমান বলেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের মানুষের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। দেশের অর্থনীতির জন্য লাভজনক হলে তবেই এ ধরনের উদ্যোগে সরকার ইতিবাচকভাবে এগোবে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নাটোরে ১৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২

আরো

সম্পর্কিত খবর