ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান-ই হচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তিনি (তারেক রহমান) আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিগত নির্বাচন প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ। তিনি মন্তব্য করেন, এবারের নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে এবং এর মাধ্যমে দেশের ইতিহাসে পরিবর্তনের শুভসূচনা হয়েছে।
তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা পরিবর্তন চেয়েছেন, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৬ লাখ মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ২০২৪ সালে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যার অভিযোগও পুনরুল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মির্জা ফখরুল দেশের জনগণকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।