Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথের আগেই ছাড়তে হবে আসন
বগুড়া-৬ নাকি ঢাকা-১৭, কোনটি রাখছেন তারেক রহমান?

নাজনীন লাকী স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ বিরতির পর নির্বাচনে অংশ নিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এই নির্বাচনে তারেক রহমানই দুটি আসনে অংশ নিয়ে দুটিতেই জয়ী হয়েছেন। তিনি ছাড়া আরও কেউ দুটি আসনে জয়লাভ করতে পারেননি।

এদিকে এরই মধ্যে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা। তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় এই শপথ গ্রহণের আগেই একটি বিশেষ সিদ্ধান্ত নিতে হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। পৈত্রিক নিবাস বগুড়া-৬ এবং রাজধানীর প্রভাবশালী ঢাকা-১৭ থেক বিজয়ী হয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী শপথের আগেই তাকে ছাড়তে হবে একটি আসন। পরে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র তারেক রহমানই একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। নির্বাচনে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। অর্থাৎ ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। আর ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

একাধিক আসনের বিষয়ে মতামত

এ বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীম সারাবাংলাকে জানান, ‘একজন দু’টি আসনে শপথ নিতে পারেন না। তাই, একজন প্রার্থী নির্বাচনে যদি একাধিক আসনে বিজয়ী হন তাহলে তাকে একটি আসন রেখে বাকি আসন ছেড়ে দিতে হবে। কোন আসন ছেড়ে দিতে চান সেটা নির্বাচন কমিশনকে জানাতে হয়। এরপর সেই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে (ইসি)। এরপর আসে উপ-নির্বাচনের তফসিল।

এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দু’টি আসনের মধ্যে কোন আসন ছাড়বেন, আর কোনটি রাখবেন এ বিষয়ে ইসিতে এখনো কিছু জানানো হয়নি। তবে, বিএনপির একাধিক বিশ্বস্ত সুত্র ইঙ্গিত দিয়েছে, পৈত্রিক নিবাস ও রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনটিই ছাড়তে পারেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আরপিও ও সংবিধান যা বলে

বাংলাদেশের সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO), ১৯৭২ অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে লড়তে পারলেও সদস্যপদ একটির বেশি রাখা সম্ভব নয়।

১. সংবিধানের ৭১ অনুচ্ছেদ

৭১(১) ধারা: কোনো ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকার সংসদ-সদস্য থাকতে পারবেন না।

৭১(২) ধারা: গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীকে জানাতে হবে তিনি কোন আসনটি রাখতে চান। অন্যথায় তার সব আসনই শূন্য ঘোষিত হতে পারে।

২. আরপিও (RPO) ও শপথের বাধা

আরপিও-র ১৩(১) ধারা অনুযায়ী তিনটি আসনে লড়াই করার সুযোগ থাকলেও, সংবিধানের ৭১(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী- একাধিক আসনে বিজয়ী ব্যক্তি তার পছন্দের আসনটি নিশ্চিত না করা এবং বাকিগুলো ত্যাগ না করা পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।

অর্থাৎ, ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে হলে তারেক রহমানকে তার আগেই একটি আসন ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে।

এদিকে এবারের নির্বাচনে আরও কয়েকজন প্রার্থী একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের মুখ দেখেছেন কেবল তারেক রহমান। যারা ব্যর্থ হয়েছেন তাদের মধ্যে একজন হলেন এম এ এইচ সেলিম। তিনি বাগেরহাট-১, ২ ও ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে পরাজিত হয়েছেন। আর নারায়ণগঞ্জের দুটি আসন (নারায়ণগঞ্জ- ৩ ও ৪) লড়াই করে হেরেছেন গিয়াস উদ্দিন। এ ছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম বরিশাল-৫ ও ৬ আসনে লড়ে পরাজিত হয়েছেন।

অতীতে একাধিক আসনে বিজয়ী হয়েছেন যারা

বাংলাদেশের ইতিহাসে একাধিক আসনে বিজয়ের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত নামগুলো হলো-

  • শেখ মুজিবুর রহমান: ১৯৭০ এ (পাকিস্তান আমল) তিনি দুটি আসন থেকে লড়ে বিজয়ী হন।
  • হুসেইন মুহম্মদ এরশাদ: ১৯৯১, ১৯৯৬, ২০০৮ সালে একাধিক আসনে নির্বাচনে লড়াই করেছেন। ১৯৯১ এবং ১৯৯৬ সালে জেল থেকে নির্বাচন করে তিনি পাঁচটি করে আসনে জয়ী হয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ২০০৮ সালেও তিনি তিনটি আসনে লড়ে তিনটিতেই জয়ী হন।
  • বেগম খালেদা জিয়া: ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে একাধিক আসনে নির্বাচনে লড়াই করেছেন। তিনি টানা চারটি নির্বাচনে পাঁচটি করে আসনে লড়ে সবক’টিতেই বিজয়ী হওয়ার অনন্য রেকর্ড গড়েছিলেন।
  • শেখ হাসিনা: ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে একাধিক আসনে নির্বাচনে লড়াই করেছেন। তিনি বিভিন্ন নির্বাচনে একাধিক আসনে বিজয়ী হয়েছেন। বিশেষ করে ২০০৮ সালে তিনি তিনটি নির্বাচনে লড়ে তিনটি আসনে জয়ী হন।

বিজ্ঞাপন

আরো

নাজনীন লাকী - আরো পড়ুন
সম্পর্কিত খবর