Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হলো দেশের আর্থিক খাত’

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে গভর্নর নিয়োগের মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাতকে ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ ঋণখেলাপি গোষ্ঠী ব্যাংকিং খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল। ঋণখেলাপিদের দুষ্টচক্রের কারণে দেশের আর্থিক খাত টিকিয়ে রাখতে বাংলাদেশকে আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। সেই পরিস্থিতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র দেড় বছরে আর্থিক খাতকে কিছুটা স্থিতিশীল করতে সক্ষম হয় বলে তিনি দাবি করেন। তার মতে, এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো হয় এবং সংকটাপন্ন ব্যাংকগুলো পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

তবে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে আবারও আর্থিক খাতকে ঝুঁকির মুখে ফেলেছে। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপিদের সংসদ সদস্য ও মন্ত্রী বানিয়ে আর্থিক ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপের পথ তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে আসিফ মাহমুদ লেখেন, নতুন গভর্নর নিয়োগের মধ্য দিয়ে আবারও সাধারণ মানুষকে এর পরিণতি ভোগ করতে হবে। তার আশঙ্কা, এর ফল হিসেবে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়বে এবং আগের শাসনামলের শেষ সময়ের মতো দুঃস্বপ্নের দিন ফিরে আসতে পারে।
প্রসঙ্গত, বুধবার অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। Bangladesh Bank Order, 1972 অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর