ঢাকা: নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে দাবি করে রাজধানীতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মানববন্ধনের ডাক দিয়েছে কেন্দ্রীয় মহিলা জামায়াত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু।
তিনি বলেন, আমরা আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। চলমান এসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ শনিবার মানববন্ধনের ডাক দিয়েছে।
তিনি আরও জানান, শনিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হবে। ওই কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।