Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণভবন নয়, সংসদই হবে জাতীয় আলোচনার মূল মঞ্চ’

স্টাফ করেসপন্ডেট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সব গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। অতীতে সংসদ কার্যত নিষ্ক্রিয় থাকলেও প্রকৃত ক্ষমতার কেন্দ্র ছিল গণভবন। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জানান, জাতীয় সংসদে নানা বিষয়ে তর্ক-বিতর্ক ও ভিন্নমত থাকবে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। জাতীয় সব ইস্যু এখন জাতীয় সংসদে আলোচিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এনসিপি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দলটি প্রতিষ্ঠার প্রথম বছরেই নির্বাচনের মাধ্যমে সংসদে ছয়টি আসন পাওয়ায় তা বড় সাফল্য।’ এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করবে দলটি এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। তবে রাজনীতিতে রাতারাতি সাফল্য আসে না, সময় লাগে বলেও মন্তব্য করেন।

রাজনীতির আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সনাতন ধারার রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। কেবল অতীত ইতিহাসের পুনরাবৃত্তি না করে বর্তমান ও ভবিষ্যৎ নির্মাণে মনোযোগী হতে হবে।’ ইতিহাসের পাশাপাশি ভূগোলকেও গুরুত্ব দিতে হবে বলেও তিনি মত দেন।

গণতন্ত্রের মাঠে ‘শত ফুল ফোটার’ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক দল কেবল রাজনৈতিক সাইনবোর্ড হয়ে থাকে, কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে দেশের মানুষের প্রতিনিধিত্ব করে এবং জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে।’

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতি একটি গতিশীল প্রক্রিয়া। এই গতিশীলতা মেনে নিয়ে সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর