পিরোজপুর: পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমকে রাজধানীর রমনা এলাকায় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার অনুষ্ঠানে অংশ নিতে তিনি ওই এলাকায় গেলে স্থানীয়রা তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে এলাকাবাসী রমনা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে জনতাকে শান্ত করে তাকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বিক্ষুব্ধ জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ আছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শাহ আলমের ছেলে মো. সাগর বলেন, ‘আমার বাবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টির দ্রুত সমাধান হবে বলে আমরা আশা করছি।’
এদিকে পিরোজপুরের নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, অধ্যক্ষ শাহ আলম তার থানায় নথিভুক্ত কোনো নিয়মিত মামলার আসামি নন। এ মুহূর্তে তার বিরুদ্ধে সেখানে কোনো আনুষ্ঠানিক অভিযোগও দায়ের হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য যাচাই করছে।
আটকের খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়ার পর কেউ তাকে নির্দোষ দাবি করে দ্রুত মুক্তির আহ্বান জানান, আবার কেউ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।