Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও তেলাওয়াত প্ৰতিযোগিতা’

ঢাবি করেস্পন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৯:৫৬

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও তেলাওয়াত প্ৰতিযোগিতা’ উদ্বোধন। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা-২০২৬’ (সিজন ২) উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরণের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল তারই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কুরআন ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের কাজ শুরু করেছে।’

বিজ্ঞাপন

রাকিব বলেন, ‘আগামীর ছাত্রদল হবে পলিসি নির্ভর এবং সেইসঙ্গে ওয়েলফেয়ার পলিটিক্সের (কল্যাণ রাজনীতি)।’ তিনি বলেন, ‘আমরা পলিসি ও ওয়েলফেয়ার পলিটিক্সের অপূর্ব সমন্বয় ঘটাব।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা আজ ও আগামীকাল অডিশন রাউন্ড (বাছাই পর্ব) করব এবং আগামী ৪ মার্চ আমরা চূড়ান্ত প্রতিযোগীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে এই পর্ব আমরা শেষ করব।’

তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমরা সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনের যেই ধর্মীয় আবহ, সেটি পৌঁছে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে।’

প্রথম দিনের প্রাথমিক বাছাই পর্ব সকাল ১০ টা ৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর