ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে। অন্যথায় ইসলামী আন্দোলন কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবে।
সোমবার (২ মার্চ) বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাহে রমজানে যখন মুসলিম বিশ্বের মুসলমানরা সিয়াম সাধনায় ব্রত, ঠিক সে সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অসংখ্য মুসলমান নিহত হওয়ার ঘটনায় আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না।
সভাপতির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়ে শত শত নারী, পুরুষ ও শিশু হত্যা করে। একটি স্কুলের অসংখ্য শিশু শিক্ষার্থীকে হত্যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মানবতাবিরোধী চরম অপরাধ করেছে। এসব হত্যাকাণ্ড বিশ্বের শান্তিকামী সব মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না।
দলের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতী মোস্তফা কামাল, আলহাজ্ব আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মজুমদার, মুফতী ফরিদুল ইসলাম, মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।